জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ: যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে আটক ২৫

0
4
জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলিবর্ষণ: যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে আটক ২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে ইয়াছিন বাহিনী নামে একটি সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনার পর সারারাত যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাত ১টার দিকে সন্ত্রাসীরা হঠাৎ ক্যাম্পে হামলা চালায়। পাল্টা গুলিবিনিময় চলে প্রায় রাত ৩টা পর্যন্ত।

হামলার সময় সন্ত্রাসীরা আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নবনির্মিত একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। পাশাপাশি আলীনগরে যাওয়ার সড়কসহ তিনটি স্থানে রাস্তা কেটে দেয়, যাতে বাহিনীর সদস্যরা প্রবেশ করতে না পারেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যরাত থেকেই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের নেতৃত্বে প্রায় এক হাজার সদস্যের যৌথবাহিনী অভিযান শুরু করে। এতে সন্দেহভাজনদের আটক করা হয়।

র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান বলেন, হামলার পরপরই অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই চলছে এবং হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত। এর আগে একই এলাকায় হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here