দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১১ শিশুর মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গে আক্রান্ত ছিল। এ সময়ে পরীক্ষার মাধ্যমে ২৪৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ১৬৮ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে ৯১ জন এবং উপসর্গ নিয়ে ৫১৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে মোট ৭৬ হাজার ৮৭৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯ হাজার ৫০৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত মোট ৬২ হাজার ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৫৮ হাজার ১৫৪ জন ইতোমধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন।
হাম সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।