বগুড়ায় একসঙ্গে র‍্যালি করলেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা

0
3
বগুড়ায় একসঙ্গে র‍্যালি করলেন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা

ফুটবল বিশ্বকাপের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা ভুলে বগুড়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য। একই মাঠে উড়েছে আকাশী-নীল ও হলুদ-সবুজ পতাকা, একপক্ষ গেয়েছে কাওয়ালি গান, অন্যপক্ষ উপহার দিয়েছে সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর। মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ রেখে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

ফিফা বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে শুক্রবার (৫ জুন) বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন দুই দলের শত শত সমর্থক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজনের শুরুতে আর্জেন্টিনা সমর্থকরা মাঠসংলগ্ন এলাকায় তিনটি গাছ রোপণ করেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে মাঠটি পরিণত হয় নীল-সাদা ও হলুদ-সবুজের বর্ণিল মিলনমেলায়। প্রায় ৬০০ আর্জেন্টিনা ও শতাধিক ব্রাজিল সমর্থকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ব্যান্ড পার্টি, বাঁশি, রঙিন বেলুন, পতাকা, মাথার ফিতা ও ঘোড়ার গাড়ি নিয়ে শুরু হয় যৌথ শোভাযাত্রা। কাঁধে কাঁধ মিলিয়ে নেচে-গেয়ে অংশ নেন দুই দলের সমর্থকরা। শহরের সাতমাথা এলাকায় গিয়ে আয়োজনটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে, যেখানে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের উদ্দেশে কাওয়ালি গান পরিবেশন করেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি আবার মাঠে এসে শেষ হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল উপহার বিনিময়। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের হাতে তুলে দেন আজওয়া খেজুর। জবাবে আর্জেন্টিনা সমর্থকরাও ব্রাজিল সমর্থকদের উপহার দেন সেভেন আপ।

আয়োজনের সমন্বয়ক মাহবুব আলম জিয়ন বলেন, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে সবাই বন্ধু। এই আয়োজনের লক্ষ্যই ছিল পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। আয়োজনে অংশ নেওয়া সমর্থকরাও একই সুরে কথা বলেন—ফুটবল বিভেদের নয়, বরং বন্ধুত্বের প্রতীক।

স্থানীয়দের মতে, কর্মব্যস্ত জীবনের মাঝে এমন ইতিবাচক আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here