পাকিস্তান-শাসিত কাশ্মীরে পুলিশের সাথে সংঘর্ষে ৭ জন নিহত

0
2
পাকিস্তান-শাসিত কাশ্মীরে পুলিশের সাথে সংঘর্ষে ৭ জন নিহত

পাকিস্তান-শাসিত কাশ্মীরে নিষিদ্ধ একটি অ্যাক্টিভিস্ট গোষ্ঠীর সদস্যদের সাথে পুলিশের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়।

আন্দোলনকারী সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জ্যাক) অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। যদিও স্থানীয় প্রশাসন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

রাওয়ালাকোট শহরের কমিশনার সারদার ওয়াহিদ জানিয়েছেন, সর্বশেষ সংঘর্ষে ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

অন্যদিকে পুলিশের দাবি, সংঘর্ষে ৪ জন পুলিশ সদস্য নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, জ্যাক-এর কেন্দ্রীয় কার্যালয় সিলগালা করা হয়েছে এবং মুজাফফরাবাদসহ বিভিন্ন শহরে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সপ্তাহান্তে সংগঠনটির ৭০ জনের বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মুজাফফরাবাদ শহরে দোকানপাট খোলা থাকলেও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিক্ষোভের আশঙ্কায় স্থানীয়রা আগেভাগে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করেছেন বলে জানিয়েছে এএফপি।

এর আগে গত সেপ্টেম্বরেও একই আন্দোলন ঘিরে সহিংসতায় ৯ জন নিহত হয়েছিল।

জ্যাক দাবি করেছে, তাদের আন্দোলনকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে চিহ্নিত করা রাজনৈতিক দমননীতি। সংগঠনটির অভিযোগ, তারা শুধু অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here