শীর্ষ মাদক কারবারি ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

0
1
শীর্ষ মাদক কারবারি ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার

নোয়াখালীর চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে (৪৪) ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি দামী রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​গতকাল বুধবার (১০ জুন) রাতে র‍্যাবের সহযোগিতায় ফেনী-নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পূর্ববাজার এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বুলেট ফারুক বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

জমিদারহাট পূর্ববাজার এলাকায় বুলেট ফারুকের গতিবিধি সন্দেহজনক হলে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কোমর থেকে ৫ হাজার ৩১০ পিস এবং তাঁর ব্যবহৃত রয়েল এনফিল্ড মোটরসাইকেলের টুলবক্স থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ডিএনসি সূত্রে আরও জানা যায়, বুলেট ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ, সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা এলাকায় দীর্ঘদিন ধরে বড় আকারের মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, নিজস্ব মোটরসাইকেলে করে সপ্তাহে দুই থেকে তিনবার চট্টগ্রাম সীমান্ত এলাকা থেকে ইয়াবার বড় বড় চালান এনে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন অঞ্চলের খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।

​অনুসন্ধানে জানা যায়, এর আগে গত ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর ফেনীর দাগনভূঞা এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ এই বুলেট ফারুককে গ্রেপ্তার করেছিল ডিএনসির নোয়াখালী জেলা কার্যালয়। তবে ওই বছরের ডিসেম্বরে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়েই তিনি পুনরায় পুরোনো মাদক কারবারে জড়িয়ে পড়েন।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “জেলার তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে ডিএনসি জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here