ব্রিটেনে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তির কারাদণ্ড

0
1
ব্রিটেনে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তির কারাদণ্ড

যুক্তরাজ্যে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তাদের মধ্যে একজন ব্রিটিশ ইমিগ্রেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লন্ডনের ওল্ড বেইলি আদালত চুং বিউ বিল ইউয়েন (৬৬) এবং চি লিউং পিটার ওয়াই (৪১)-কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। ওয়াইকে ১০ বছরের এবং ইউয়েনকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত তারা হংকং ও চীনের পক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত প্রো-ডেমোক্রেসি আন্দোলনকারীদের ওপর নজরদারি চালায় এবং তথ্য সংগ্রহ করে।

চি লিউং ওয়াই যুক্তরাজ্যের বর্ডার ফোর্সে কর্মরত থাকাকালে অভ্যন্তরীণ সরকারি ডাটাবেস ব্যবহার করে লক্ষ্যবস্তু ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন বলেও আদালতে প্রমাণ উপস্থাপন করা হয়।

যুক্তরাজ্যের প্রসিকিউশন জানায়, এটি জাতীয় নিরাপত্তা আইনের আওতায় চীনের হয়ে গুপ্তচরবৃত্তির প্রথম বড় ধরনের দণ্ডাদেশগুলোর একটি।

বিচারক ববি চিমা-গ্রাব বলেন, আধুনিক গুপ্তচরবৃত্তি কেবল সামরিক বা রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নজরদারি, ভয়ভীতি প্রদর্শন এবং ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার মাধ্যমেও পরিচালিত হয়।

লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশের কর্মকর্তা হেলেন ফ্লানাগান বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড ছিল ভয়াবহ, কারণ তারা যুক্তরাজ্যে অবস্থানরত গণতন্ত্রপন্থী কর্মীদের টার্গেট করেছিল।

অন্যদিকে লন্ডনে চীনা দূতাবাস এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here