সিটি কর্পোরেশনসহ সকল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা হয়, যা আজ মঙ্গলবার নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, গত ২৪ জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত হয়।
ওইদিন বৈঠকের পর ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘স্থানীয় সরকারে প্রতীক নিয়ে ইলেকশন করার সুযোগ থাকছে না। দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ আর থাকছে না। এতে প্রভাব বিস্তার হয় এই বিবেচনায় প্রতীক বাদ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘চলমান সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের বিষয়টি জাতীয় ঐকমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলো একমত হলে আগে স্থানীয় নির্বাচন হতে পারে।’

