জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ করা হতে পারে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহী।
তিনি জানান, ইতোমধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে মাত্র ৬টি হলের। অর্ধঘণ্টার মধ্যে আরও দুটি হলের গণনা শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ সম্ভব হবে।
ভোট গণনায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “ম্যানুয়াল প্রক্রিয়ায় গণনা হওয়ায় দেরি হচ্ছে। এবার প্রায় সাড়ে ৮ হাজার ভোট কাস্ট হয়েছে। শিক্ষকরাই গণনার দায়িত্বে আছেন, তবে তারা অভিজ্ঞ না হওয়ায় কিছুটা সময় বেশি লাগছে।”
কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে লুৎফুল এলাহী বলেন, “কমিশনে এখনো কোনো পদত্যাগপত্র আসেনি। আমরা এ বিষয়ে কিছু জানি না, তাই কোনো মন্তব্যও করতে পারছি না।”
নির্বাচনী কাজের চাপের কথা উল্লেখ করে তিনি যোগ করেন, “গত এক সপ্তাহে আমি এক মিনিটও ঘুমাতে পারিনি। যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাদের ধৈর্য ধরতে অনুরোধ করছি।” একইসঙ্গে তিনি প্রার্থী, সাংবাদিক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

