গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি ইয়াসিন, জিএস রায়হান নির্বাচিত

0
89

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন সামিউল হাসান শোভন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৭৬১ জন ভোটার ছিলেন। গকসুর ১১টি পদের জন্য মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ আগস্ট এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এবার প্রতিটি প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক ছিল, এবং পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসা প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু আছে। এর আগে ২০১৩ সালে প্রথম এবং ২০১৮ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রশাসনিক জটিলতার কারণে ২০১৮ সালের নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি এবং ২০২০ সালের ডিসেম্বরে এটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এটি গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন।