নারায়ণগঞ্জে গভীর রাতে মশাল মিছিল থেকে ৫ ছাত্রলীগ কর্মী আটক

0
53

নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিন (২১) ও মো. আবির (১৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে অন্ধকারে ছাত্রলীগের প্রায় ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ব্যানার ও মশাল হাতে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন। এসময় মিছিলকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় যুবদল ও ছাত্রদল কর্মীরা পাঁচজনকে আটক করে পরে তাদের থানা পুলিশের হাতে তুলে দেন।

শনিবার (১ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “রাতের অন্ধকারে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচজনকে আটক করে তাদের থানায় আনা হয়। ঘটনাস্থলে আওয়ামী লীগের ব্যানার পড়ে ছিল।”

পুলিশ ধারণা করছে, আটককৃতরা রাতের অন্ধকারে নাশকতার চেষ্টা করছিল।

পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন আরও বলেন, তাদের বিরুদ্ধে ইতোপূর্বে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। “আমরা তাদের রেকর্ড খতিয়ে দেখছি এবং আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে,” তিনি যোগ করেন।