জুলাই শহীদ মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ বিএনপিতে, কাজ করতে চান উত্তরা আসনে

0
45

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্যপদ নেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

শনিবার (৮ নভেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মীর স্নিগ্ধ তার রাজনৈতিক পরিকল্পনা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। আমার কাছে মনে হয়েছে এই বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আরও বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য আমি বিএনপির থেকে সুযোগটি কাজে লাগাতে পারব।”

স্নিগ্ধ জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান তার জীবনকে আমূল পরিবর্তন করেছে এবং তার ভাই মুগ্ধ উত্তরাতে শহীদ হয়েছেন। উত্তরা-আজমপুরে বেড়ে ওঠায় তার সব থেকে বেশি কাজ করার আগ্রহ উত্তরা কেন্দ্রিক আসনটি নিয়ে।

তিনি বলেন, “যদি কখনো সুযোগ হয়, যদি কখনো আমার দল মনে করে যে আমি কাজ করার যোগ্য, আমাকে জিজ্ঞাসা করলে, আমি অবশ্যই উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার জন্য চাইব।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মীর স্নিগ্ধ আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী নির্বাচন একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।

তিনি বলেন, “আমি এক্সপেক্ট করি যে একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যেখানে কোনো মারামারি হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এই নির্বাচনটিকে উৎসবমুখর করবেন। নির্বাচনের ক্ষেত্রে যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে, এটাই আমি আশা করি।”