রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন, আগারগাঁও এবং মিরপুর ও হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে ও বিকেলে মোট চারটি স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে রেলস্টেশনের বাইরের দিকের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের এসআই মোহাম্মদ আলী জানান, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে এসে একজন দ্রুত বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
শনিবার বিকেলে রাজধানীর আরও দুটি স্থানে প্রায় এক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে: বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ ভবনের সামনের রাস্তায়। একই সময়ে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে।
তবে সবকটি বিস্ফোরণের ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।