যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি পরিকল্পনা কমে ২৮ দফা থেকে ১৯ দফায়

0
38

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইউক্রেন শান্তি পরিকল্পনার খসড়ায় বড় ধরনের সংশোধন আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় বহুপর্যায়ের আলোচনার পর পরিকল্পনাটি ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় নামিয়ে আনা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড জানায়, মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও তারা বলছেন, আলোচনায় অগ্রগতি হলেও প্রস্তাবটি এখনো চূড়ান্ত নয়।

আগের খসড়ার কয়েকটি প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। ফিনান্সিয়াল টাইমসকে আলোচনায় অংশ নেওয়া কয়েকজন জানান, খসড়া থেকে ৯টি প্রস্তাব বাদ দেওয়া হয়েছে তবে কোনগুলো বাদ পড়েছে তা প্রকাশ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনাকে “অসাধারণ অগ্রগতি” বলে মন্তব্য করেন। ওয়াশিংটন, কিয়েভ এবং ইউরোপীয় প্রতিনিধিদের যৌথ বিবৃতিতেও বৈঠকে “গুরুত্বপূর্ণ অগ্রগতি”র কথা উল্লেখ করা হয়েছে।

ইউরোপীয় দেশগুলো বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং জব্দ করা রুশ সম্পদের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে। তাদের মতে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইইউ’র। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব দফা কমানোকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও তিনি জানান, সামনে এখনও বড় জটিলতা রয়ে গেছে।

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই পরিকল্পনায় বিতর্কিত অনেক বিষয়ই রয়েছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনকে রাশিয়ার কাছে অতিরিক্ত কিছু অঞ্চল ছাড়তে হতে পারে, সামরিক বাহিনীর আকার সীমিত করতে হতে পারে এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি তার “চূড়ান্ত প্রস্তাব” নয়, তবে ইউক্রেনকে আগামী বৃহস্পতিবারের মধ্যে জবাব দিতে হবে। অন্যদিকে জেলেনস্কি কঠিন সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, “আমরা কি আমাদের মর্যাদা হারানোর ঝুঁকি নেব, নাকি গুরুত্বপূর্ণ একটি মিত্রকে হারানোর ঝুঁকি নেব।”

এদিকে নয়টি ইউরোপীয় দেশ, জাপান, কানাডা ও ইইউয়ের শীর্ষ কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলেছেন, ইউক্রেনের সামরিক শক্তি সীমিত করার প্রস্তাব দেশটিকে ভবিষ্যৎ আগ্রাসনের মুখে ফেলে দিতে পারে।