নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্ট রাষ্ট্রপতি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের নির্দেশ

0
49

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের সার্বিক প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, সিইসি রাষ্ট্রপতিকে নির্বাচনী প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন। এর মধ্যে ছিল—

  • হালনাগাদ ভোটার তালিকা ও ক্রম সংযোজন

  • রাজনৈতিক দলের নিবন্ধন পরিস্থিতি

  • সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তুতি

  • ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব ইত্যাদি বিষয়।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচনকে “গৃহযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ” করতে যা যা প্রয়োজন, সে বিষয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনকে স্বচ্ছ করার জন্য সংবিধান ও আইনের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করার ওপরও গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি।

ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির জাতির উদ্দেশে দেওয়া ভাষণ রেকর্ড করতে আজ বিকেল ৪টায় নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়েছে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, যেদিন সিইসির ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ হয়, সাধারণত সেদিনই তফসিল ঘোষণা করা হয়।

সব মিলিয়ে ইঙ্গিত মেলে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে গণভোটের তফসিল ঘোষণার আর মাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষা।