হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ যাত্রী আটক

0
63

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। যাত্রীবেশে পায়ুপথে ইয়াবা পরিবহনের সময় তাকে আটক করা হয়।

এপিবিএন জানায়, রোববার দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট VQ922-এ কক্সবাজার থেকে ঢাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে পাকা রাস্তা থেকে নবী হোসেনকে আটক করা হয়। পরে এপিবিএনের অফিসে জিজ্ঞাসাবাদে তিনি পায়ুপথে সুকৌশলে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়। এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কস্টেপ মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দরকে কেন্দ্র করে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”