যে সব অঞ্চলে শৈত্যপ্রবাহ আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

0
35

পৌষের মাঝামাঝিতে এসে দেশজুড়ে তীব্র শীতের দাপট শুরু হয়েছে। ঘন কুয়াশা আর উত্তরী হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও প্রকট আকার ধারণ করতে পারে।

কনকনে ঠান্ডার প্রভাবে স্থবির হয়ে পড়েছে কর্মব্যস্ততা। ঠাকুরগাঁও ও শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা চরম বিপাকে পড়েছেন। ঠান্ডার কারণে কাজে বের হতে না পেরে অনেকেই কর্মহীন হয়ে পড়ছেন।

শীতের এই প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে শীতকালীন রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকায় হাসপাতালগুলোতে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি হচ্ছে। আবহাওয়া অফিস সতর্ক করেছে যে, এই শৈত্যপ্রবাহ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।