বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে অংশ নেননি, তারাই এখন নানা আকাঙ্ক্ষা ও ব্যাখ্যার কথা সামনে আনছেন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪’-এ শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশজুড়ে ছড়িয়ে পড়া ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি। তার মতে, ক্ষমতাসীনদের হাতে অস্ত্র ও বিপুল অবৈধ অর্থ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন মহল নিজেদের মতো করে এই আন্দোলনের পরিচয় নির্ধারণের চেষ্টা করছে, তবে গণমানুষের অংশগ্রহণই ছিল এই লড়াইয়ের মূল শক্তি।
আগামী দিনের করণীয় সম্পর্কে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।