ভোটকেন্দ্র ছেড়ে জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা আটক

0
36
ভোটকেন্দ্র ছেড়ে জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা আটক

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র ছেড়ে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তা আটক হয়েছেন। তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, আটক দুজন বর্তমানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানি এবং পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, রাতে ভোটকেন্দ্র রেখে ওসমানি ও ইকবাল স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।