খুলনার দৌলতপুরে ফজরের নামাজ চলাকালে একটি মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (১৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মহানগরের পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মণ্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মণ্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে হঠাৎ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। হামলায় লোকমান হাকিমের মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। অপর আহত আলম মণ্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পরপরই এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।