কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২২ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, আগামী ২৩ জুন বিকেল ৫টায় সংগঠনের সব জেলা ও মহানগর শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করতে হবে।
এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে পালিত হবে। জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপি নেতারা জানান, দেশের বিভিন্ন সময়ে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা জানান।
দলের পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তারা আপসহীন এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে।
ঘোষিত কর্মসূচি অনুসারে আগামীকাল ২৩ জুন বিকেল ৫টায় দেশের প্রতিটি জেলা ও মহানগর শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।