সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংক হয়েও গ্রাহকদের নানা প্রক্রিয়ায় বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগে সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম ও সেবা অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
ডিএমডির পরিচালক ইস্তেকমাল হোসেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, তফসিলি ব্যাংকসমূহ সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্তিতে থাকা সত্ত্বেও গ্রাহকগণকে নানা প্রক্রিয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।
এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে যে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করে। তাই বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করা তাদের দায়িত্ব।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোর শাখায় সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং প্রাপ্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।