বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

0
149
ছবি: সংগৃহিত

বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ও এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে নয়টায় ঢাকা-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড এলাকায় পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৭৯৩৫) সেনা সদস্যের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেনা সদস্যের স্ত্রী হোসনে আরা (৩৫) নিহত হন।

এ ঘটনায় সেনা সদস্য ল্যান্স কর্পোরাল মো. বুলবুল গুরুতর আহত হন। তার আড়াই বছর বয়সী ছেলে আদিয়ানও আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল সিএমএইচে ভর্তি করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাত বারোটার দিকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে পাঠান। নিহত হোসনে আরা ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা এবং লেবুখালী সেনানিবাসে কর্মরত ল্যান্স কর্পোরাল বুলবুলের স্ত্রী।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় সেনাবাহিনী বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একই দিন, রাত পৌনে এগারোটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কের চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হন। আহত হন তার দুই বন্ধু মুশফিক ও রাকিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে বরিশাল থেকে বাড়ি ফিরছিলেন। চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই ফয়সাল নিহত হন।

আহত মুশফিক ও রাকিবকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফয়সাল উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে এবং জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here