ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে লিওনেল মেসি। তবে তার পারফরম্যান্সে বয়সের ছাপ নেই। ফলে, আগামী ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখতে চান ভক্তরা। এ নিয়ে একাধিকবার কথা বললেও নিশ্চিত করে কিছু বলেননি মেসি। এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন লিওনেল স্কালোনি।
দক্ষিণ আমেরিকার খেলাভিত্তিক সাবস্ক্রিপশন টিভি চ্যানেল ডিস্পোর্টসে বৃহস্পতিবার কথা বলেন স্কালোনি। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান মেসি। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানোর সময় এখনো আসেনি।
স্কালোনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, সে (মেসি) এবং তার সতীর্থারা জানে যে হাতে এখনো অনেক সময় আছে। সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে চায়। ব্যাপারটি কোনদিকে যায় সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা কী ভাবছি তা সে (মেসি) জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান।’
আর্জেন্টাইন কোচ মেসির প্রসঙ্গে আরও বলেন, ‘সে যেন খুশি থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া।’ দেশের হয়ে সবশেষ বিশ্বকাপ, শেষ দুই কোপা আমেরিকাসহ ক্লাব ও দেশ মিলিয়ে রেকর্ড ৪৬টি ট্রফি জেতেন মেসি। যার মধ্যে সবশেষ ট্রফি ইন্টার মায়ামির হয়ে সাপোর্টাস শিল্ড। তবে মেসির বয়সটা এখন ৩৭। ইদানিং চোটও ভোগাচ্ছে মাঝেমধ্যে।
বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি এখনো প্রায় দেড় বছর। এমন অবস্থায় তিনি বিশ্বকাপ খেলতে মেসিসহ কারও ওপর চাপ তৈরি করেননি জানিয়ে স্কালোনি বলেন, ‘সে এবং অন্য কারও ওপরেই নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, এ ব্যাপারে আমরা বলার মতো কেউ না।’ গত বছর কোপা আমেরিকা জিতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন আরেক আর্জেন্টাইন আনহেল ডি মারিয়া।
এ প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ বলেন, ‘তার কথা অনুযায়ী, ব্যাপারটা শেষ হয়েছে। এর চেয়ে ভালোভাবে শেষ হতে পারতো না। সে যদি নিজের ক্যারিয়ার নিয়ে সিনেমা, বই কিংবা গল্পও লিখতো, আমার মনে হয় না যেভাবে শেষ করেছে তার চেয়ে ভালোভাবে লিখতে পারতো।’

