বিনা অনুমতিতে কিউবার জলসীমায় প্রবেশের জেরে মার্কিন নিবন্ধিত একটি স্পিডবোটে গুলি চালিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এতে নৌকার চার আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বুধবার (২৫ ফেব্রুয়ারি) কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।
সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত একটি স্পিডবোট কিউবার জলসীমায় ঢুকে পড়ে। কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার নির্দেশ দিলে আরোহীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি করা হয়। এরপর কোস্টগার্ড পাল্টা গুলি চালালে গোলাগুলির ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে স্পিডবোটের চারজন নিহত হন এবং ছয়জন আহত হন। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও রয়েছেন।
স্থানীয় সময় বুধবার সকালে কিউবার উত্তর-মধ্যাঞ্চলের ভিলা ক্লারা প্রদেশ-এর ব্যারিয়ার দ্বীপ কায়ো ফ্যালকোনেস উপকূলে এ ঘটনা ঘটে।
পৃথক বিবৃতিতে কর্তৃপক্ষ নিহতদের একজনকে মিশেল ওর্তেগা ক্যাসানোভা হিসেবে শনাক্ত করেছে। আটক ছয়জনকে ‘মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবান’ বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, ওই নৌযানে মার্কিন সরকারের কোনো কর্মী ছিলেন না।