কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে বেসরকারি এনজিও সংস্থার একটি ট্রেনিং সেন্টারসহ সাতটি স্থাপনা। রোববার (১ ডিসেম্বর) দুপুরে উখিয়া উপজেলার ৭ নম্বর নৌকার মাঠ রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বেসরকারি সংস্থার পরিচালিত একটি ট্রেনিং সেন্টারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এরপর আগুনটি আশপাশের অন্যান্য স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উখিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ওসি আরিফ জানান, স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনে ভস্মিভূত হয়েছে একটি ট্রেনিং সেন্টারসহ মোট সাতটি স্থাপনা।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ট্রেনিং সেন্টারে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের মূল কারণ জানতে ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে কাজ করছে।
ওসি আরিফ আরও বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন।

