সয়াবিনের দাম লিটারে বাড়ল ৮ টাকা

0
149

বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করেছে সরকার। তাছাড়া খোলা সয়াবিনের দামও সমান বাড়ানাে হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ টাকা আর খোলা সয়াবিন ১৫৭ টাকা।

এর আগে বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা ও খোলা সয়াবিনের দাম ১৪৯ টাকা ছিল।

বোতলজাত সয়াবিন তেল প্রায় ১০ দিন সহজে পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও নির্ধারিত মূল্যের চেয়ে দাম অনেক বেশি। ঢাকার কারওয়ান বাজার, হাতিরপুল, মোহাম্মদপুরসহ সব বাজারের অধিকাংশ খুচরা দোকানের প্রায় একই চিত্র।

এ প্রসঙ্গে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সিটি এন্টারপ্রাইজের আবু তাহের খবরের কাগজকে বলেন, ‘বোতলের কোনো সয়াবিন তেল নেই। সরবরাহ কমে গেছে। কোম্পানি দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এ জন্য সংকট সৃষ্টি করছে। তবে খোলা তেল পাওয়া যাচ্ছে। পাইকারিতে ১৭১-১৭৩ টাকা লিটার বিক্রি হচ্ছে। সেটা বিভিন্ন খুচরা দোকানে ১৭৫ টাকা লিটার বিক্রি হচ্ছে।’

বিশেষজ্ঞরা বলছেন, সেই পুরোনো সিন্ডিকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছে। মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়ে দিয়েছে। এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমে গেছে। তাই বাড়তি দামেও চাহিদামতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here