সোমবার (২০ জানুয়ারি) রাতে প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়। যেখানে কোপা দেল রের রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে ভ্যালেন্সিয়াকে পেয়েছে। আর ২০ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেয়েছে লেগানেসকে। দুই দলই সফরকারী হিসেবে খেলবে মোকাবেলা করবে।
বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও গেতাফে। আর আরেক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা। কোপা দেল রে`র শেষ আটের ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখের মধ্যে।
গত ১৬ জানুয়ারি সান্তিয়াগো ব্যার্নাব্যুতে কোপা দেল রের ম্যাচে সেল্তা ভিগোকে ৫ গোল দিয়ে টুর্নামেন্টের শেষ আটে জায়গা নিশ্চিত করে এমবাপ্পেরা। এ পথে হেঁটে ছিল বার্সেলোনও, রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে ৫ গোল দিয়েছিলেন রাফিনিয়া-ইয়ামালরা। এতে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেছে ইয়ামালরা।
কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলে আবার হবে ড্র। সেমিফাইনালের ড্র-তে এই রিয়াল ও বার্সার মধ্যেকার এল-ক্লাসিকো দেখা যেতেও পারে। আবার সেটা হতে পারে ফাইনালেও।তবে প্রায় একদশক ধরেই কোপা দেল রে’র ফাইনালে দেখা হয়নি দুই দলের। সবশেষ ২০১৪ এর এল-ক্লাসিকো ফাইনালে রিয়াল জিতেছিল ২-১ গোলে।