‘জুলাই সনদ’-এ এনসিপির অংশগ্রহণের সুযোগ এখনও আছে: ধর্ম উপদেষ্টা

0
47

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করলেও তাদের জন্য পরবর্তীতেও অংশগ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ড. খালিদ হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে দাবি (ডিমান্ড) রয়েছে, সেগুলো সরকার বিবেচনা করবে।

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, আমার ঢাকা কিংবা চট্টগ্রামে বাড়িও নেই, আর বিদেশে যাওয়ার তো প্রশ্নই উঠে না।”

তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে বলেন, “আমরা একটা জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। তখন কোনো কিছুই ঠিক ছিল না। অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই ঠিক ছিল না।” তিনি দাবি করেন, “১৫ মাস ধরে আমরা রাত-দিন পরিশ্রম করে দায়িত্ব পালন করছি, অনেক চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, এখন পরিস্থিতি অনেক ভালো।”

ড. খালিদ হোসেন আরও জানান, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করতে চান।

এ সময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।