ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে কোতোয়ালি মডেল থানা-পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— নগরের কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ (৩০), মো. বিপুল (২১) ও আকুয়া ওয়্যারলেছ গেট এলাকার মো. রাজন (১৯)। তারা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার রাত ৩টার দিকে ঢোলাদিয়া এলাকায় ডাকসু সদস্য রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপ করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।