রুদ্ধশ্বাস ম্যাচে লঙ্কানদের হার, ফাইনালে বাংলাদেশ–পাকিস্তান

0
116

ভারতের বিপক্ষে রোমাঞ্চকর সুপার ওভারে জয় তুলে নিয়ে আগেই এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ‘এ’ দল। শেষ পর্যন্ত তাদের প্রতিপক্ষও ঠিক হয়েছে—পাকিস্তান ‘এ’। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। আগামী ২৩ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ–পাকিস্তান।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেন গাজী ঘোরি। শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ৪ উইকেট নিয়ে বোলিংয়ে আলো ছড়ান।

জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল লঙ্কান ‘এ’ দল। ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও ভিষেন হালামবাগে মাত্র ১.২ ওভারে ২৯ রান তুলে ফেলেন। তবে ক্রুসপুল্লে আউট হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছিল তারা।

নবম উইকেটে মিলান রত্ননায়েক ও ট্রাভিন ম্যাথিউর ৪৭ রানের জুটি লঙ্কান শিবিরে আবারও আশার আলো জ্বালায়। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু ৬ ও ৯ রান তোলার মাধ্যমেই হারাতে হয় বাকি দুটি উইকেট। ১৪৮ রানে অলআউট হয়ে ৫ রানের পরাজয় মেনে নেয় শ্রীলঙ্কা। রত্ননায়েক সর্বোচ্চ ৪০ রান করেন।

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম শিকার করেন ৪টি করে উইকেট। তাদেরই বোলিং নৈপুণ্যে ফাইনালে ওঠে দলটি।

২৩ নভেম্বর জমজমাট ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল।