পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা যোগায়।’
তিনি বলেন, ‘ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে। নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।’
এসময় তিনি বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।
তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।