‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’: স্কালোনি

0
1
‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’: স্কালোনি

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিলেও বিশ্বকাপে আত্মতুষ্টিতে ভুগছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে সমীহ করে কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়।

স্কালোনি বলেন, ‘দল খুব ভালো অবস্থায় আছে এবং ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে অস্ট্রিয়া অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ, তাদের দলে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তারা দারুণ হাই-প্রেসিং ফুটবল খেলে এবং চমৎকারভাবে বাছাইপর্ব পার করে এখানে এসেছে। কোনো সন্দেহ নেই যে এটি আমাদের জন্য একটি জটিল ও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। এই বিশ্বকাপে আসলে কোনো ম্যাচই সহজ নয়।’

ম্যাচে সবসময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখা সম্ভব নয় উল্লেখ করে স্কালোনি আরও যোগ করেন, ‘আপনি একটি ম্যাচে সবসময় বলের দখল ধরে রাখতে পারবেন না, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন বলের নিয়ন্ত্রণ হারাবে, তখন দল কীভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ঘুরে দাঁড়ায়।’

একাদশ নিয়ে চলতে থাকা চোটের সব গুঞ্জন উড়িয়ে দিয়ে স্কালোনি স্বস্তির খবর দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, অস্ট্রিয়া বধের মিশনে স্কোয়াডের প্রত্যেকেই খেলার জন্য শতভাগ ফিট ও প্রস্তুত আছেন। অস্ট্রিয়াকে থামিয়ে এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট পাকা করতে মুখিয়ে আছে আলবিসেলেস্তেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here