আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।
ওসি খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, “মুহাম্মদ লাভলু মোল্লাহকে ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং শিক্ষার্থীরা শাহবাগ থানায় সোপর্দ করেন।” পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, লাভলু মোল্লাহ শেখ হাসিনার রায়ের পরে ফেসবুকে লিখেছেন, “আই ডোন্ট কেয়ার”। প্রক্টর বলেন, “সে যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।”
প্রক্টর আরও জানান, প্রায় ৪ মাস আগে ফাইলে কারচুপি করার কারণে লাভলু মোল্লাহকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
ঢাবির মহসিন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক শিকদার গণমাধ্যমকে জানান, “আজকে আদালতের রায়কে অবমাননা করে সে একটি স্ট্যাটাস দিয়েছে। যার কারণে তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।” তিনি আরও জানান, জুলাই আন্দোলনের সময় লাভলু মোল্লাহর নেতৃত্বে ঢাবির রেজিস্টার ভবনে একটি মিছিল হয়েছিল।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লাভলু মোল্লাহকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে লেখেন, “লাভলুরে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।”
জানা গেছে, গ্রেপ্তারকৃত লাভলু মোল্লাহ ছাত্রজীবনে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।