শেষ আন্তর্জাতিক ম্যাচে ছন্দহীন ব্রাজিল, তিউনিসিয়ার সাথে ১-১ গোলে ড্র

0
37

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ছন্দহীন ফুটবল উপহার দিয়ে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল দল। ম্যাচজুড়ে তিউনিসিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করলেও লক্ষ্যচ্যুত শট, ভুল পাস ও লুকাস পাকেতার পেনাল্টি মিসের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

মঙ্গলবার মধ্যরাতে ফ্রান্সের লিলেতে ব্রাজিল তাদের শেষ ম্যাচে নামে। সেনেগালকে হারানোর সুখস্মৃতি নিয়ে নামলেও এবার তারা তিউনিসিয়ার কাছে ধাক্কা খেল। ব্রাজিল ৭৩ শতাংশ বলের দখল রেখে মোট ২২টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র তিনটি। অন্যদিকে, তিউনিসিয়া ৭ শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখে।

ব্রাজিল ম্যাচের শুরুতেই ছন্দ হারায় এবং অগোছালো খেলার একপর্যায়ে ২৩তম মিনিটে হাজেম মাস্তুরির গোলে পিছিয়ে পড়ে। ৪৪তম মিনিটে তিউনিসিয়ার বক্সে হ্যান্ডবল হলে ব্রাজিল পেনাল্টি পায়। বাঁ পায়ের জোরালো শটে ১৮ বছর বয়সী তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান গোল করে স্কোরলাইন ১-১ করেন।

জাতীয় দলের সর্বশেষ ৬ ম্যাচে এটি এস্তেভাওয়ের পঞ্চম গোল। তিনি চলতি বছরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন।

দ্বিতীয়ার্ধে ভিটর রকিকে ফাউল করার ফলে ব্রাজিল ৭৬ মিনিটে আরেকটি পেনাল্টি পায়। কিন্তু অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা শট উড়িয়ে মেরে জয়ের আশা ভেস্তে দেন।

আগের ম্যাচেই দাপুটে ও ছন্দময় ফুটবল উপহার দেওয়া ব্রাজিল এই ম্যাচে আবারও ছন্দ হারাল, যা বিশ্বকাপের আগে আনচেলত্তি ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় ভাবনার কারণ।

এছাড়াও, আগের ম্যাচে গ্যাব্রিয়েল মাগালায়েস এবং এই ম্যাচে এডার মিলিটাওয়ের চোট ব্রাজিলের জন্য চিন্তার বিষয়। যদিও মার্চের আগে তাদের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, কিন্তু তারকা ডিফেন্ডার মিলিটাওয়ের ক্লাব রিয়াল মাদ্রিদকে ভুগতে হতে পারে।