‘তৃতীয় বিশ্বের’ দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

0
71

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তার প্রশাসন ‘তৃতীয় বিশ্বের’ তথা অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধ করার জন্য কাজ করবে, যাতে মার্কিন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে পারে।

শুক্রবার সকালে (বাংলাদেশ সময় অনুযায়ী) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই কঠোর অভিবাসন নীতির ঘোষণা দেন। ট্রাম্পের মতে, অভিবাসীদের জন্য দেশের ক্ষতি হচ্ছে এবং এই পদক্ষেপ মার্কিন ব্যবস্থাকে পুনরুদ্ধার করবে।

ট্রাম্প তার পোস্টে আরও বলেছেন, তিনি ‘নন-সিটিজেনদের’ (নাগরিক নন এমন ব্যক্তি) জন্য সব ধরনের ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, তিনি ‘অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী’ অভিবাসীদের নাগরিকত্ব দেবেন না। এছাড়াও, যেকোনো বিদেশি নাগরিককে তিনি নির্বাসিত করবেন, ‘যারা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অথবা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নন’।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের কাছে এক অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের মৃত্যুর একদিন পরই ট্রাম্পের এই কঠোর ঘোষণা এলো। তদন্তকারীরা দাবি করেছেন, ওই হামলাটি এক আফগান নাগরিক চালিয়েছিল। এই ঘটনার পরই ট্রাম্প তার অভিবাসনবিরোধী অবস্থানকে আরও জোরালো করলেন।