ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

0
56

মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে সফলভাবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি আজ শনিবার (২৯ নভেম্বর) দেশে ফেরেন।

বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা এই উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেন।

এই আন্তর্জাতিক বৈঠকে বর্তমান বৈশ্বিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় আলোচিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:

  • সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্তের সক্ষমতা বৃদ্ধি।

  • আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধে কার্যকর কৌশল।

  • বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ অভিযান।

  • ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন।

  • নারী পুলিশ নেতৃত্বের বিকাশ।

সম্মেলনের অধিবেশনে আইজিপি বাহারুল আলম বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন। তিনি বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও শক্তিশালী অবস্থান তুলে ধরেন।

পুলিশ মনে করছে, সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা এবং কৌশলগত দিকনির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।