জামিন পেলেন গ্রেপ্তার হাওয়া হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা

0
29

গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

মাহাদী হাসানের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আবদুল মান্নানের আদালতে হাজির করে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মাহাদীর মুক্তির দাবিতে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহাদী হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। আটকের প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, মাহাদীকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় আটক বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এনামুল হাসান নয়নকে ছাড়িয়ে আনতে গিয়ে মাহাদী হাসানের সঙ্গে থানার ওসির উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে মাহাদী হাসানকে বানিয়াচং থানায় আগুন দেওয়ার এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়ার মতো বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যা সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে আটক করা হয়। এনামুলের মুক্তির দাবিতে পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।