ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

0
102

ঘরের মাটিতে অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে ধবলধোলাইয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজকেও ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল কিউইরা। হ্যামিলটনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ১৬১ রানে ক্যারিবীয়দের অলআউট করে ৪ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে লড়াই করলেও শেষ ওয়ানডেতে সুইং, গতি ও বাউন্সে বিধ্বস্ত হয় তাদের ব্যাটিং অর্ডার। ৩৬.২ ওভারে তারা থামে ১৬১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন রোস্টন চেজ। ওপেনার জন ক্যাম্পবেল ২৬ এবং খ্যারি পিয়েরে অপরাজিত ২২ রান যোগ করেন।

নিউজিল্যান্ডের পক্ষে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ম্যাট হেনরি। জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার নেন দুটি করে উইকেট। কাইল জেমিসন ও জ্যাক ফোকস নেন একটি করে। সিরিজে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন জেমিসন।

রান তাড়ায় নেমে কিউইদের শুরুটা ভালো হয়নি। ১১ ওভারের মধ্যে হারায় টপ অর্ডারের তিন ব্যাটারকে। টম ল্যাথামও ফিরেন ১০ রানে। তবে মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। পঞ্চম উইকেটে দুজন মিলে ৪৮ বলে ৭৫ রান যোগ করেন।

চ্যাপম্যান ৬৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। ব্রেসওয়েল অপরাজিত থাকেন ৩১ বলে ৪০ রান করে। শেষ পর্যন্ত ৩০.৩ ওভারে জয় নিশ্চিত করে তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন ম্যাথু ফোর্ডে ও জেইডেন সিলস।

এই সিরিজ জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের আধিপত্য আরও দৃঢ় হলো। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে মাত্র দুইটি ওয়ানডে হেরেছে তারা। ঘরের মাঠে টানা দ্বিপাক্ষিক সিরিজ জয়ে নিউজিল্যান্ডের ১১ জয়ের ওপর আছে কেবল দক্ষিণ আফ্রিকা—১৭টি জয় নিয়ে।